দেশ – বিদেশ সফরে আরও একটি আন্তর্জাতিক সম্মান অর্জন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলস সফরকালে রবিবার তাঁকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হোরাইজন’ প্রদান করা হয়। সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমাইনি এই সম্মান প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দেন।
সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেশেলস সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানান। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, এই সম্মান তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং তিনি এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংগ্রামরত বিশ্বের সমস্ত দেশের উদ্দেশে উৎসর্গ করছেন।
প্রধানমন্ত্রী হিসেবে গত এক দশকেরও বেশি সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সফরে গিয়ে একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন নরেন্দ্র মোদি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, প্যালেস্টাইন, বাহরাইন, গায়ানা, ইথিওপিয়া-সহ একাধিক দেশের সর্বোচ্চ নাগরিক বা রাষ্ট্রীয় সম্মান ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে। চলতি বছরও তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন।
সেশেলসের এই সম্মান পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তর্জাতিক রাষ্ট্রীয় সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক কূটনীতিতে ভারতের ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে বলে মনে করা হচ্ছে।




















