ধর্মতলায় ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারি, অনিশ্চিত ২১ জুলাইয়ের সমাবেশ

ধর্মতলায় ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারি, অনিশ্চিত ২১ জুলাইয়ের সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরে তৃণমূলের দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, সভা, মিছিল, ধরনা বা বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ থাকবে। এর জেরে ধর্মতলায় ঐতিহ্যবাহী ২১ জুলাইয়ের সমাবেশ হওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীন বিস্তীর্ণ এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকা এর আওতায় থাকলেও বেন্টিঙ্ক স্ট্রিটকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

কলকাতা পুলিশের দাবি, এই গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনজীবনে বিঘ্ন এবং যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬০ দিন কোনও রাজনৈতিক দল বা সংগঠন ওই এলাকায় সভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা কিংবা ধরনা আয়োজন করতে পারবে না। পাশাপাশি লাঠি বা অন্য কোনও ধরনের অস্ত্র বহনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নগরপাল অজয় নন্দা জানিয়েছেন, ১৬৩ ধারা বলবৎ থাকায় ধর্মতলা এলাকায় রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে যদি কোনও সংগঠন অন্য কোনও স্থানে সমাবেশ করতে চায়, তাহলে সেই বিষয়ে আবেদন করতে হবে। আবেদন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছরই ২১ জুলাইয়ের শহিদ দিবসের প্রধান সমাবেশ ধর্মতলার ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকাতেই অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তৃণমূলের দুই শিবিরই একই স্থানে সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল। আবেদন জমা দেওয়ার পর ধর্মতলা এলাকায় ফিতে দিয়ে রাস্তা মাপার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়। সেই ঘটনায় কুণাল ঘোষ ও মালা রায়-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। শেষ পর্যন্ত কোনও পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই টানা ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারি হওয়ায় ২১ জুলাইয়ের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top