বারাসত পুরসভায় গণপদত্যাগের জল্পনা, ভেঙে পড়তে পারে তৃণমূল পরিচালিত পুরবোর্ড

বারাসত পুরসভায় গণপদত্যাগের জল্পনা, ভেঙে পড়তে পারে তৃণমূল পরিচালিত পুরবোর্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভায় অস্থিরতার আবহ তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার উত্তর ২৪ পরগনার বারাসত পুরসভাকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর এবার তৃণমূলের প্রায় সমস্ত কাউন্সিলরও ইস্তফা দিতে পারেন বলে দলীয় সূত্রের দাবি। যদি তা বাস্তবায়িত হয়, তবে কার্যত ভেঙে পড়বে ৩৫ ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ পুরবোর্ড।

সূত্রের খবর, বারাসত পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩০ জন নির্বাচিত কাউন্সিলর রয়েছেন। পরে নির্দল থেকে জয়ী আরও দু’জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। তাঁদের অধিকাংশই বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত, প্রাক্তন চেয়ারম্যান ও কাউন্সিলর অশনি মুখোপাধ্যায়, চেয়ারম্যান-ইন-কাউন্সিল সদস্য অভিজিৎ নাগ চৌধুরী ও পান্নালাল বসু, কাউন্সিলর দেবব্রত পাল, ডা. বিবর্তন সাহা, দীপক দাশগুপ্ত এবং চৈতালি ভট্টাচার্য তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকও করেন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে সুনীল মুখোপাধ্যায় দাবি করেন, বৃহস্পতিবারের মধ্যে তাঁদের দলের প্রায় সব কাউন্সিলরই পদত্যাগ করবেন। তাঁর বক্তব্য, নতুন সরকারকে কাজ করার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বহু কাউন্সিলর নিয়মিত পুরসভায় উপস্থিত থাকতেন না। ফলে ৩৫টি ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্ব কার্যত তাঁর একার উপরেই এসে পড়েছিল।

তবে জনপ্রতিনিধিরা পদত্যাগ করলেও সাধারণ মানুষের পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর দাবি, প্রশাসক বা এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে পুরসভার সমস্ত নাগরিক পরিষেবা স্বাভাবিকভাবেই চালানো হবে।

অন্যদিকে, এই ঘটনাকে বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে বিজেপি। বারাসত সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সেন কটাক্ষ করে বলেন, “এটা তো সবে শুরু। বারাসত লোকসভা এলাকার একের পর এক পুরসভায় এমন পরিস্থিতি তৈরি হওয়া সময়ের অপেক্ষা।”

বারাসতের এই রাজনৈতিক পরিস্থিতির পর এখন জল্পনা শুরু হয়েছে, হাবড়া, অশোকনগর-সহ বারাসত লোকসভা কেন্দ্রের আরও কয়েকটি পুরসভাতেও কি একই ধরনের রাজনৈতিক পরিবর্তনের ছবি দেখা যাবে? সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top