রাজ্য – রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রোটোকল ভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্র। সেই ঘটনার জেরে কেন্দ্রীয় সরকার তাঁদের দিল্লিতে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করলেও তৎকালীন রাজ্য সরকার তাঁদের রিলিজ দেয়নি। রাজ্যে সরকার পরিবর্তনের পর অবশেষে আইপিএস সি সুধাকরকে রিলিজ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর আগেই মণীশ মিশ্রকেও রিলিজ অর্ডার দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলে সেখানে প্রোটোকল ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনার পর রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রোটোকলের দায়িত্বে থাকা শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ডেপুটেশনে দিল্লিতে যোগ দেওয়ার নির্দেশ দেয়। তবে তৎকালীন তৃণমূল সরকার তাঁদের অব্যাহতি না দেওয়ায় সেই যোগদান স্থগিত হয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন রাজ্য সরকার রাষ্ট্রপতির মর্যাদা ক্ষুণ্ণ করেছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রের একাধিক নেতা প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনেও এই ঘটনাকে বিজেপি অন্যতম প্রচারের ইস্যু হিসেবে তুলে ধরে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ২০০৬ ব্যাচের আইপিএস অফিসার সি সুধাকরকে পশ্চিমবঙ্গ ক্যাডার থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এবার কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ-এর ইন্সপেক্টর জেনারেল (আইজি) পদে যোগ দেবেন। অন্যদিকে, দার্জিলিংয়ের প্রাক্তন জেলাশাসক মণীশ মিশ্রকেও আগেই সেন্ট্রাল ডেপুটেশনের জন্য রিলিজ অর্ডার দেওয়া হয়েছে।




















