কলকাতা -দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো চেতলা অগ্রণীকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সূত্রের খবর, চলতি বছর এই পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সম্ভাবনা সামনে আসতেই প্রশ্ন উঠেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি দেবী দুর্গার প্রতিমার চক্ষুদান করবেন?
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রতিবছরই চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধন করতেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়, দেবীর চক্ষুদানের দায়িত্বও পালন করতে দেখা যেত তাঁকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই পরম্পরায় পরিবর্তন আসতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে।
এদিকে বিজেপি সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, যেসব ক্লাব রাজ্য সরকারের অনুদানের উপর নির্ভর করে দুর্গাপুজোর আয়োজন করে, তারাই সরকারি অনুদান পাবে। যদিও পুজোর উদ্বোধনের দিনক্ষণ, কার্নিভ্যাল আয়োজন বা অন্যান্য সরকারি কর্মসূচি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
চেতলা অগ্রণীর উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সমস্ত রীতি-নীতি ও ঐতিহ্য বজায় রেখেই দুর্গাপুজোর আয়োজন করা হবে। রাজনৈতিক পরিস্থিতির কোনও প্রভাব পুজোর প্রস্তুতি বা আয়োজনের উপর পড়বে না বলেই দাবি তাঁদের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই উদ্বোধনের জন্য আমন্ত্রিত হতে পারেন।
রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং বিভিন্ন শিবিরে বিভাজনের প্রভাব নিয়ে নানা আলোচনা চলছে। শহরের একাধিক বড় পুজোর সঙ্গে যুক্ত কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেপ্তারির ঘটনাও সামনে এসেছে। ফলে এবারের দুর্গাপুজোর পরিবেশ ও পরিচালনায় তার কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়েও কৌতূহল রয়েছে। তবে চেতলা অগ্রণীর উদ্যোক্তারা স্পষ্ট জানিয়েছেন, পুজোর ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে এবং রাজনৈতিক টানাপোড়েনের কোনও প্রভাব সেখানে পড়তে দেওয়া হবে না।
ক্লাবের পক্ষ থেকে সমীর ঘোষ জানিয়েছেন, পুজোর প্রায় দশ দিন আগে আয়োজিত বৈঠকে দেবীর চক্ষুদান কে করবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, এ বছর শহরে দুর্গাপুজোর কার্নিভ্যাল অনুষ্ঠিত হলে এবং সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ এলে চেতলা অগ্রণী অবশ্যই তাতে অংশ নেবে।
উল্লেখ্য, গতবারের মতো এবারও চেতলা অগ্রণীর মণ্ডপ ও শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও উদ্যোক্তাদের মতে, অন্যান্য বছরের তুলনায় এবার মণ্ডপ নির্মাণ ও সাজসজ্জার কাজ কিছুটা ধীর গতিতেই এগোচ্ছে।




















