এটিএমে ব্যাগ বদলে সাড়ে ১০ লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

এটিএমে ব্যাগ বদলে সাড়ে ১০ লক্ষ টাকা চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দক্ষিণ কলকাতার ভবানীপুরে এটিএমের ভিতরেই ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা। ব্যাগ বদলে এক ব্যবসায়ীর ১০ লক্ষ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এটিএমের নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। তদন্তে জানা গিয়েছে, বিপুল ঋণের বোঝা মেটাতেই এই পরিকল্পিত চুরির ছক কষেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নিরাপত্তারক্ষীর নাম সচ্চিদানন্দ মণ্ডল। তিনি দু’জনের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই ঋণ শোধ করতেই ব্যবসায়ীর টাকা চুরি করে বলে প্রাথমিক জেরায় স্বীকার করেছে সে। ইতিমধ্যেই ঋণ শোধের জন্য দেওয়া ৬ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি অর্থও বিভিন্ন জায়গায় ঋণ পরিশোধে ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

তদন্তে আরও উঠে এসেছে, এই ঘটনায় ভবানীপুর এলাকার এক মাদকাসক্ত ব্যক্তি এবং এক মহিলাও জড়িত। অভিযুক্ত নিরাপত্তারক্ষী তাঁদের ভাড়া করে এই চুরির পরিকল্পনা বাস্তবায়ন করে। পুলিশ ওই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

পুলিশের দাবি, ওই ব্যবসায়ী নিয়মিত একটি নির্দিষ্ট ব্যাগে করে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ নগদ টাকা জমা করতে ওই এটিএমে আসতেন। বিষয়টি দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিল নিরাপত্তারক্ষী। সেই সুযোগ কাজে লাগিয়ে সোমবার ব্যবসায়ী যখন ১০ লক্ষ ৫৭ হাজার টাকা জমা দিতে আসেন, তার আগেই একই রকম দেখতে একটি ফাঁকা ব্যাগের ব্যবস্থা করে অভিযুক্তরা।

এরপর ওই মাদকাসক্ত ব্যক্তি ও মহিলা ব্যবসায়ীকে জানায়, এটিএমে সাময়িক প্রযুক্তিগত সমস্যা রয়েছে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাঁদের কথায় বিশ্বাস করে ব্যবসায়ী টাকার ব্যাগটি এটিএমের ভিতরে রেখে বাইরে চলে যান। সেই সুযোগে নিরাপত্তারক্ষী আসল ব্যাগ সরিয়ে সেখানে ফাঁকা ব্যাগ রেখে দেয়।

কিছুক্ষণ পরে ব্যবসায়ী ভিতরে ফিরে এসে ফাঁকা ব্যাগ দেখে হতবাক হয়ে যান। নিরাপত্তারক্ষী তখন কিছুই জানেন না বলে দাবি করে। পরে ব্যবসায়ী ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ নিরাপত্তারক্ষীকে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখে। সেই সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top