রাজ্য – রাজ্যে নারী নিরাপত্তা আরও জোরদার করা এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় একাধিক নতুন উদ্যোগের সূচনা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে ‘দুর্গা স্কোয়াড’-এর উদ্বোধনের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় ‘সাইবার হেল্পডেস্ক’ এবং ‘মহিলা হেল্পডেস্ক’-এরও সূচনা করেন। সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও দ্রুত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সিদ্ধিনাথ গুপ্তা এবং পুলিশ প্রশাসনকে স্বল্প সময়ের মধ্যে এই পরিকাঠামো গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পুলিশি পরিষেবাকে আরও কার্যকর করতে একাধিক নির্দেশ দেন। অপরাধ সংক্রান্ত তথ্য গোপন না করা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশি সাড়া দেওয়ার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ওপরও জোর দেন তিনি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুক্ত পুলিশকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে সাইবার প্রতারণা একটি বড় সামাজিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সরকারি প্রকল্পের আবেদন বা বিভিন্ন অনলাইন পরিষেবার সুযোগ নিয়ে প্রতারকরা সাধারণ মানুষের ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নিচ্ছে এবং মুহূর্তের মধ্যে অর্থ আত্মসাৎ করছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জনতার দরবারে বহু প্রবীণ নাগরিক তাঁদের সারা জীবনের সঞ্চয় হারানোর অভিযোগ নিয়ে আসেন। এই ধরনের আধুনিক অপরাধ মোকাবিলায় শুধুমাত্র প্রচলিত পদ্ধতি যথেষ্ট নয়, বরং প্রযুক্তিনির্ভর তদন্ত ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মীর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, রাজ্যজুড়ে সাইবার অপরাধের উপর নজরদারি ও সমন্বয়ের জন্য একজন এডিজি বা আইজি পদমর্যাদার বিশেষ আধিকারিক নিয়োগ করা হবে। তিনি কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের সাইবার পুলিশ স্টেশন ও হেল্পডেস্কগুলির কার্যক্রম তদারকি করবেন।



















