পিকনিক গার্ডেনে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

পিকনিক গার্ডেনে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, মার্কিন নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা : সাইবার প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পিকনিক গার্ডেনের একটি আবাসনে অভিযান চালিয়ে একটি ভুয়ো কল সেন্টারের হদিস পায় কসবা থানার পুলিশ। সেখান থেকে প্রতারণার অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে সাধারণ আবাসিক ফ্ল্যাট মনে হলেও ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় চলছিল একটি অবৈধ কল সেন্টার। অভিযোগ, সেখান থেকে বিদেশ, বিশেষ করে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে সাইবার প্রতারণার ছক কষা হতো। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে আটক করে।

ধৃতদের বাড়ি কলকাতার কসবা, বেনিয়াপুকুর এবং তিলজলা এলাকায়। অভিযানের সময় ফ্ল্যাট থেকে ৮টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ৩টি রাউটার এবং ২টি ডেবিট কার্ড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখে প্রতারণা চক্রের বিস্তৃতি সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মোট ১০টি ধারায় মামলা রুজু করা হয়েছে। কসবা থানার অতিরিক্ত ওসির নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত চলছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং প্রতারণার জাল কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে পুলিশের উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাইবার প্রতারণাকে রাজ্যে ‘মহামারির আকার ধারণ করা’ সমস্যা বলে উল্লেখ করেন। তিনি প্রতারকদের বিরুদ্ধে আইন মেনে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার পরদিনই পুলিশের এই অভিযানে একটি বড় প্রতারণা চক্রের হদিস মিলল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top