হাওড়া: দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় সম্প্রতি ভেঙে গিয়েছিল তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের বোর্ড। সেই পরিস্থিতির পর শুক্রবার ভোটাভুটির মাধ্যমে জেলা পরিষদে নতুন বোর্ড গঠন করা হল।
জেলা পরিষদের মোট ৪২ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৩৬ জন ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। ভোটের ভিত্তিতে গোপা ঘোষ নতুন সভাধিপতি এবং তুষারকান্তি ঘোষ নতুন সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত হন। বাকি সদস্যরা এদিন ভোটদান প্রক্রিয়ায় অংশ নেননি।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাধিপতি ও সহ-সভাধিপতি জানান, নতুন বোর্ডকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের বোর্ড হিসেবে দেখা উচিত নয়। তাঁদের দাবি, এই বোর্ডের মূল লক্ষ্য হবে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের স্বার্থে কাজ করা।
সহ-সভাধিপতি তুষারকান্তি ঘোষ বলেন, নতুন বোর্ড সরাসরি বিজেপি বা তৃণমূল পরিচালিত নয়। জনপ্রতিনিধি হিসেবে তাঁরা রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিকেই অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একই সুরে সভাধিপতি গোপা ঘোষও জানান, তাঁরা তৃণমূলের নির্বাচিত সদস্য হলেও আগামী দিনে বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সঙ্গেই নিজেদের যুক্ত রাখবেন।




















