কলকাতা – বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। তার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ফের অশান্তির ঘটনা সামনে এসেছে। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসার জেরে ১৭ বছরের এক কিশোরকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় ১৭ বছরের এক কিশোরের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বারুইপুরে পরপর দুই গুরুতর অপরাধের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















