কলকাতা – সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় রাস্তার ধারে ও ফুটপাতে চলা অস্থায়ী দোকানগুলিকে ঘিরে নতুন নির্দেশিকা জারি করেছে বিধাননগর পৌরসভা। অভিযোগ, মাত্র দু’দিনের মৌখিক নোটিসে একাধিক দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্লাস্টিক, ত্রিপল বা ঝুপড়ি তৈরি করে ব্যবসা চালানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পৌরসভার নির্দেশ অনুযায়ী, সেক্টর ফাইভে অস্থায়ী দোকান পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র ছাতা ব্যবহার করা যাবে। দোকানের জন্য কোনও ধরনের স্থায়ী বা অস্থায়ী কাঠামো, প্লাস্টিক, ত্রিপল বা অন্য কোনও সামগ্রী দিয়ে আলাদা ছাউনি তৈরি করা যাবে না। এর উদ্দেশ্য এলাকাকে দখলমুক্ত রাখা এবং পথচলাচল স্বাভাবিক রাখা।
নতুন নিয়মে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খাবারের দোকানদাররা। নির্দেশিকায় জানানো হয়েছে, দোকানে কোনও ধরনের আগুন ব্যবহার করা যাবে না। গ্যাস সিলিন্ডার, উনুন বা অন্য কোনও জ্বালানি ব্যবহার করে রান্না সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি দোকানে চা তৈরিরও অনুমতি থাকবে না।
পৌরসভার নির্দেশ অনুযায়ী, খাবারের ব্যবসা চালাতে হলে অন্যত্র রান্না করে সেই খাবার দোকানে এনে বিক্রি করতে হবে। দোকানে বসে নতুন করে রান্না বা খাবার গরম করা যাবে না। এই নিয়ম কার্যকর হলে চা, কফি এবং গরম খাবারের ছোট ব্যবসাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একাংশ ব্যবসায়ী।



















