নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সচিবকে চিঠি মমতার, অতিরিক্ত সময় দেওয়া নিয়ে আপত্তি তৃণমূলের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সচিবকে চিঠি মমতার, অতিরিক্ত সময় দেওয়া নিয়ে আপত্তি তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে কমিশনের সচিবকে চিঠি দিয়েছেন তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পাঠানো ওই চিঠিতে তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জমা দেওয়া নথি ও তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হোক। পাশাপাশি, ‘বিদ্রোহী’ গোষ্ঠীকে অতিরিক্ত সময় বা বিশেষ সুবিধা না দিয়ে কমিশন যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।

তৃণমূলের দাবি, দলীয় প্রতীক ও তহবিল সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন উভয় পক্ষকে ৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কালীঘাট শিবির নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত নথি জমা দিলেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির অতিরিক্ত সময় চায়। অভিযোগ, সেই আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন তাদের আরও ১৫ দিন, অর্থাৎ ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছে।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে তৃণমূলের অভিযোগ, এক পক্ষকে বাড়তি সময় দেওয়া কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও নতুন বিতর্ক শুরু হয়েছে।

সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও সাগরিকা ঘোষও একই অভিযোগ সামনে আনেন। তাঁদের বক্তব্য, নির্ধারিত সময়ে নথি জমা দেওয়ার পরও অন্য শিবিরকে অতিরিক্ত সময় দেওয়ার কোনও যৌক্তিকতা নেই। নির্বাচন কমিশন যেন পক্ষপাতহীনভাবে এবং সমান সুযোগের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই দাবিই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top