তারাতলার দুর্ঘটনার পর কড়া অডিট, ১৬০ নির্মীয়মাণ বহুতলের মধ্যে মাত্র ১১টি পেল ছাড়পত্র

তারাতলার দুর্ঘটনার পর কড়া অডিট, ১৬০ নির্মীয়মাণ বহুতলের মধ্যে মাত্র ১১টি পেল ছাড়পত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ধসে পড়ার মর্মান্তিক ঘটনার পর শহরের নির্মীয়মাণ বহুতলগুলির নিরাপত্তা নিয়ে বড়সড় পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। রাজ্য সরকারের নির্দেশে গঠিত হাইপাওয়ার কমিটির তত্ত্বাবধানে শুরু হয়েছে নির্মীয়মাণ ভবনগুলির কড়া অডিট। প্রথম দফার রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক ছবি। ১৬০টি নির্মীয়মাণ বহুতল খতিয়ে দেখার পর মাত্র ১১টি ভবনকে নিরাপদ বলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানান, তারাতলার দুর্ঘটনার পরই বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়। অডিট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরের সমস্ত নির্মীয়মাণ বহুতলে নতুন করে নির্মাণকাজ শুরুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় প্রতিটি প্রকল্পের নির্মাণমান ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

পুরসভার তথ্য অনুযায়ী, গত তিন বছরে বহুতল নির্মাণের জন্য মোট ৩৪৪টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রথম পর্যায়ে ২০০টি নির্মীয়মাণ প্রকল্পকে অডিটের জন্য চিহ্নিত করা হয়। পরে ১৬০টি প্রকল্পে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন অডিট টিমের সদস্যরা। সমস্ত রিপোর্ট হাইপাওয়ার কমিটির কাছে জমা দেওয়ার পর দেখা যায়, মাত্র ১১টি ভবন নিরাপত্তার মানদণ্ড পূরণ করেছে এবং শুধুমাত্র সেগুলিকেই পুনরায় নির্মাণকাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

অডিটে শহরের ২৩টি নির্মীয়মাণ বহুতলে গুরুতর ত্রুটি ধরা পড়েছে। তদন্তে জানা গিয়েছে, একাধিক প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা বিধিও যথাযথভাবে মানা হয়নি, ফলে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে গিয়েছিল। এই সমস্ত প্রকল্পের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top