বিদেশ – মার্কিন নির্বাচনকে ঘিরে ফের চিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় চিন প্রায় ২২ কোটি মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছিল। এই সংক্রান্ত গোপন গোয়েন্দা নথি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ট্রাম্পের অভিযোগ, এই তথ্য সংগ্রহের ঘটনা মার্কিন নির্বাচনী নিরাপত্তার জন্য বড় হুমকি। তাঁর দাবি, প্রশাসনের একাংশ বিষয়টি দীর্ঘদিন ধরে চাপা দেওয়ার চেষ্টা করেছে। তবে বক্তব্যে তিনি এই অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ বা নথি প্রকাশ করেননি।
ভাষণে ট্রাম্প আরও বলেন, বর্তমান ভোটদান ব্যবস্থা যথেষ্ট নিরাপদ নয় এবং এতে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা থেকে যায়। তাঁর মতে, নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন, যাতে প্রতিটি ভোট সঠিকভাবে গণনা হয় এবং কোনও ধরনের কারচুপির সুযোগ না থাকে।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর থেকেই ট্রাম্প ধারাবাহিকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আসছেন। তবে সেই অভিযোগের পক্ষে এখনও পর্যন্ত কোনও আদালতে প্রমাণ মেলেনি। পুনর্গণনা, নিরীক্ষা এবং মার্কিন বিচার বিভাগের তদন্তেও নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো কোনও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।



















