রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র প্রথম নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। যুগ্মসচিব পদে নির্বাচনের জন্য আগামী ২০ জুলাই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ঘটনাকে ঘিরে সিএবির অন্দরেই শুরু হয়েছে জোর আলোচনা।
সূত্রের খবর, শাসক বা বিরোধী—কোনও গোষ্ঠীর পক্ষ থেকেই যুগ্মসচিব পদে একটি মনোনয়নপত্রও জমা পড়েনি। এই পরিস্থিতি নিয়ে বুধবারের সিএবি বৈঠকে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন। সফর চলাকালীন তিনি সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা করবেন। সূত্রের দাবি, এই সফরেই কলকাতার একটি পাঁচতারা হোটেলে অমিত শাহর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, বুধবারের সিএবি বৈঠকে প্রথমবার সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে বিশেষ সাধারণ সভা স্থগিতের কারণ নিয়ে প্রশ্ন ওঠে। পাশাপাশি ৭০ বছরের ঊর্ধ্বে সদস্যদের ভোটাধিকার এবং প্রশাসনে টানা নয় বছর পূর্ণ হওয়ার পর কোনও ক্রিকেট কর্তার প্রতিনিধিত্বের অধিকার থাকবে কি না—এই দুটি বিষয়কে কেন্দ্র করে বৈঠকে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।




















