রাজ্য – আমফান ঘূর্ণিঝড়ের ত্রাণ ও ক্ষতিপূরণের টাকা বণ্টন নিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (ক্যাগ) রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ক্যাগের অডিট রিপোর্টের উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, আমফান ত্রাণ বণ্টন নিয়ে যা হয়েছে তা শুধুমাত্র ‘পুকুর চুরি’ নয়, বরং ‘সাগর চুরি’-র মতো ঘটনা।
আমফান দুর্যোগের তহবিল নিয়ে অভিযোগ তুলে ঋতব্রত বলেন, কেন্দ্রীয় সংস্থা এনডিআরএফ প্রয়োজনীয় ত্রাণের পরিমাণ যেখানে ৫ হাজার ৪১৪ কোটি টাকা নির্ধারণ করেছিল, সেখানে তৎকালীন রাজ্য সরকার ৩৫ হাজার ১৮ কোটি টাকা দাবি করেছিল। ক্যাগের রিপোর্টের উল্লেখ করে তিনি এই দাবিকে অবাস্তব ও অতিরঞ্জিত বলে মন্তব্য করেন।
ক্ষতিপূরণ বণ্টন নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন ঋতব্রত। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্ত বাড়ি পিছু ২০ হাজার টাকা বরাদ্দ করলেও বহু পরিবার মাত্র ৫ হাজার টাকা করে পেয়েছে। প্রায় ৯ হাজার ২২৬ জন প্রাপকের ক্ষেত্রে অর্থ কম দেওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেন, এর ফলে ১৮ কোটি টাকারও বেশি অর্থের গরমিল হয়েছে।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ বিভিন্ন জেলায় ব্যাঙ্ক রেকর্ড ও ভাউচারে অসঙ্গতির অভিযোগ তুলে ঋতব্রত দাবি করেন, প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ১৭৫টি ক্ষেত্রে প্রায় ১২৫ কোটি টাকার হিসাবের অসঙ্গতি রয়েছে। তাঁর বক্তব্য, এই সমস্ত অভিযোগের জবাব বিধানসভার বিশেষ অধিবেশনে দিতে হবে।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী দোলা সেন। তাঁর মতে, এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই।




















