রাজ্য – বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ো হাওয়া-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতেও নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টির প্রভাব পড়েছে। ভোররাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন শহর ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় সোমবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।




















