রাজ্য – অগাস্ট মাসের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমানোর ঘোষণা করেছে। নতুন দাম শনিবার, ১ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান-সহ বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসায়ীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।
নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০৯ টাকা কমে হয়েছে ২,৮৭২.৫০ টাকা। অন্যদিকে, রাজধানী দিল্লিতে একই সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। তবে গৃহস্থালির গ্রাহকদের জন্য আপাতত কোনও স্বস্তি নেই। ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩ টাকারও বেশি কমানো হয়েছিল। সেই সময় দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,১১৩.৫০ টাকা থেকে কমে ২,৯৩০ টাকা এবং কলকাতায় ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে ৩,০৮১.৫০ টাকা হয়েছিল। এবার সেই দাম আরও কমানো হল।
নতুন করে দাম কমায় হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এর প্রভাব ভবিষ্যতে বাইরে খাবারের দামেও কিছুটা পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। যদিও সাধারণ গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন না হওয়ায় সেই ক্ষেত্রে এখনও স্বস্তি আসেনি।



















