রাজ্য – বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুল চর্চিত হাওড়া পুরসভার সংশোধনী বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়ার দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ ও অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের দূরদর্শিতার অভাবের কারণেই আজও হাওড়াবাসীকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
বিধানসভায় সংশোধনী বিল পাসের গুরুত্ব ব্যাখ্যা করে অগ্নিমিত্রা পাল জানান, কলকাতা ও হাওড়া—দুই শহরের ওয়ার্ডের সংখ্যা এবং সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। পুর পরিষেবার পরিকাঠামোকে আরও সুসংগঠিত করার জন্যই এই উদ্যোগ বলে জানান তিনি।
তৃণমূল বিধায়কদের উদ্দেশে প্রশ্ন তুলে অগ্নিমিত্রা পাল বলেন, “হাওড়ায় সামান্য বৃষ্টি হলেই ২-৩ দিন জল জমে থাকে। ছোট ছোট বাড়ি ভেঙে কোনও নিয়ম না মেনে গাদা গাদা বেআইনি বহুতল তৈরি করা হয়েছে। আপনারা তখন ড্রেন কিংবা পানীয় জলের পাইপের কাজ কেন করেননি?” তাঁর বক্তব্যে হাওড়ার জলনিকাশি, পানীয় জল এবং বেআইনি নির্মাণ নিয়ে পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়।
পুরসভা নির্বাচন নিয়েও বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হাওড়া পুরসভার নির্বাচন কবে হবে, তা কোনও রাজনৈতিক দলের পার্টি অফিসে বসে ঠিক করা হবে না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিধানসভায় জানান অগ্নিমিত্রা পাল।




















