রাজ্য – বুধবার আদ্যাপীঠ মন্দির পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্দিরে পৌঁছলে তাঁকে প্রসাদী মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। এরপর বিশ্বশান্তি কামনায় বিশেষ পুজো ও আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মন্দির প্রাঙ্গণের গোশালাও ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে আদ্যাপীঠ পরিচালিত অনাথ আশ্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং আদ্যাপীঠের নবনির্মিত মূল ফটকেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা শুধু সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি একটি বড় আধ্যাত্মিক রাজধানীও। তাঁর সরকারের তরফে রাজ্যে আধ্যাত্মিক জাগরণ নিশ্চিত করতে সনাতন প্রতিষ্ঠানগুলির পাশে থাকার বার্তাও দেন তিনি।
আরজি করের মতো মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রুখতে সমাজের নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে সমাজে নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।




















