রাজ্য – তৃণমূল জমানার অবসানের পর একের পর এক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলছে বলে দাবি করে এবার সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বাংলায় কোনও কাজ না করেও কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করা যায়—এই সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ই তৈরি করেছেন।
দিলীপ ঘোষ বলেন, “বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ই শিখিয়েছেন।” তাঁর দাবি, সাধারণ মানুষের কাছে এত বিপুল সম্পত্তির হিসাব আগে কখনও দেখা যায়নি। তাঁর কথায়, এতদিন বড়লোক বলতে ব্যবসায়ী বা মারওয়াড়িদের কথা মনে করা হত, কিন্তু এখন একাধিক তৃণমূল নেতার বিপুল সম্পত্তির তথ্য সামনে আসছে।
২০২২ সালে তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন ফেলেছিল। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে পরবর্তীতে গ্রেফতারও করা হয়। পালাবদলের পর গত কয়েক মাসে মিনার মণ্ডল, টুলু মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিপুল সম্পত্তির হদিশ পাওয়ার দাবিও সামনে এসেছে।
দিলীপ ঘোষ এদিন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ওই যে কেষ্ট মণ্ডল, কোনওদিন কোনও পদেও ছিল না। তাঁর নাকি সাড়ে ৫০০ কোটির সম্পত্তি, কীভাবে হল?” তাঁর বক্তব্য ঘিরে ফের রাজ্য রাজনীতিতে তৃণমূল নেতাদের সম্পত্তি ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।




















