রাজ্য – রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের হস্তক্ষেপে মঙ্গলবার প্রত্যাহার করা হল মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের সাসপেনশন। বিধানসভার ইতিহাসে নজিরবিহীনভাবে গত ৪ আগস্ট বিধায়কদের একটি কর্মশালায় ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে তাঁকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার সচিব। তবে স্পিকারের অজ্ঞাতসারে এই পদক্ষেপ নেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি স্পিকার রথীন্দ্র বোস।
বিধানসভার পরিষদীয় দপ্তরও মার্শালের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ গ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। অন্যদিকে, সচিবের নির্দেশে মার্শালের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত করা হয়েছিল, তাতেও কোনও ‘আপত্তিকর’ বিষয় পাওয়া যায়নি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে জারি করা সাসপেনশন প্রত্যাহার করা হয়। এরপরই বিধানসভার সচিবালয় থেকে ফোন করে তাঁকে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। ফলে বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে ফের নিজের দায়িত্বে দেখা যাবে মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়কে।




















