বিদেশ – ভারতের নির্বাচনী ব্যবস্থাকে এবার আমেরিকার নির্বাচনী সংস্কারের উদাহরণ হিসেবে তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরেও ভারতে ভোটারদের পরিচয় যাচাইয়ের যে ব্যবস্থা রয়েছে, সেটিকেই আমেরিকায় বাধ্যতামূলক ভোটার আইডি চালুর পক্ষে যুক্তি হিসেবে সামনে এনেছেন তিনি। একইসঙ্গে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারেরও প্রশংসা করেছেন ট্রাম্প।
মঙ্গলবার, ১৮ অগস্ট, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ভারতের ভোটব্যবস্থা নিয়ে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ট্রাম্পের বক্তব্য, আমেরিকাতেও এমন একটি ব্যবস্থা থাকা প্রয়োজন, যেখানে ভোট দেওয়ার আগে ভোটারের পরিচয় নিশ্চিত করা হবে।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গও উল্লেখ করেছেন ট্রাম্প। তাঁর দাবি, কথোপকথনের সময় জ্ঞানেশ কুমার তাঁর প্রশাসনকে প্রশ্ন করেছিলেন, বৈধ ফটো পরিচয়পত্র ছাড়াই কীভাবে আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই প্রসঙ্গ থেকেই ভারতের নির্বাচনী ব্যবস্থার সঙ্গে আমেরিকার ব্যবস্থার তুলনা টানেন ট্রাম্প।
ভারতের ভোটারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, দেশে ভোটারদের জন্য বৈধ সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা রয়েছে। তাঁর পোস্টে তিনি উল্লেখ করেন, ভারতের সর্বশেষ নির্বাচনে প্রায় ৬৪ কোটি ৬০ লক্ষ মানুষ ভোট দিয়েছিলেন। তাঁর দাবি অনুযায়ী, মোট ভোটের এক শতাংশেরও কম ডাকযোগে পড়েছিল এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক ছিল।
এই ব্যবস্থাকেই আমেরিকায় চালু করার পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প। নিজের পোস্টে তিনি ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাশ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। অর্থাৎ ভারতের নির্বাচনী ব্যবস্থার একটি নির্দিষ্ট দিককে সামনে রেখে আমেরিকার ভোটপ্রক্রিয়ায় পরিচয় যাচাই আরও কঠোর করার পক্ষে রাজনৈতিক যুক্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসার পাশাপাশি জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের কথা প্রকাশ্যে এনে ট্রাম্প যে বার্তা দিয়েছেন, তাতে দুই দেশের নির্বাচনী ব্যবস্থার তুলনাও সামনে এসেছে। আমেরিকায় ভোটার পরিচয় যাচাই এবং নির্বাচনী সংস্কার নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যেই ভারতের উদাহরণকে সামনে আনলেন তিনি।



















