কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে মর্মান্তিক মৃত্যু! জোড়াবাগানে ধ্বংসস্তূপে প্রাণ গেল ৬০ বছরের মহিলার, উদ্ধার ২০ বাসিন্দা

কলকাতায় ফের পুরনো বাড়ি ভেঙে মর্মান্তিক মৃত্যু! জোড়াবাগানে ধ্বংসস্তূপে প্রাণ গেল ৬০ বছরের মহিলার, উদ্ধার ২০ বাসিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ফের কলকাতায় পুরনো বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। জোড়াবাগান থানা এলাকার মালাপাড়ায় আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃতার নাম উর্মিলা সাহু, বয়স ৬০ বছর।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটে। আচমকাই পুরনো বাড়িটির একটি অংশ ভেঙে পড়ায় মুহূর্তের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। বাড়ির ভিতরে তখন বেশ কয়েকজন বাসিন্দা ছিলেন। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন প্রায় ২০ জন।

বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জোড়াবাগান থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা এবং দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। পরে উদ্ধারকাজে নামে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।

দীর্ঘ তৎপরতার পর বাড়ির ভিতরে আটকে থাকা প্রায় ২০ জন বাসিন্দাকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে ধ্বংসস্তূপ থেকে এক মহিলাকে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

পুরনো ও জরাজীর্ণ বাড়ির নিরাপত্তা নিয়ে কলকাতায় বারবারই প্রশ্ন উঠেছে। তার মধ্যেই ফের এমন দুর্ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কী কারণে বাড়িটির একাংশ ভেঙে পড়ল এবং বাড়িটির কাঠামোগত অবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাড়িটির বাকি অংশ নিয়েও প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top