কলকাতা: রাজ্যে পালাবদলের পর কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন বলে আশ্বাস দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই চালু হয়েছে বলে জানা যাচ্ছে। এরই মধ্যে জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়ার কথা সামনে এসেছে। এই প্রকল্পের সুবিধা পেতে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, তা নিয়ে রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া।
আয়ুষ্মান ভারত সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে প্রথমে যেতে হবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে ‘Apply for ABHA Card Online’ অপশনে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
এরপর আধার নম্বর ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। যাচাইকরণ হয়ে গেলে আবেদনকারীকে নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। এরপর একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
সমস্ত তথ্য ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীর ABHA আইডি জেনারেট হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ডিজিটাল হেলথ কার্ড ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, ABHA বা Ayushman Bharat Health Account মূলত একটি ডিজিটাল স্বাস্থ্য-পরিচয় ব্যবস্থা। আবেদন করার আগে আধার-ভিত্তিক যাচাইকরণ এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি।




















