রাজ্য – রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ক্ষমতাসীন বিজেপি সরকার ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আর কিছু অবশিষ্ট নেই। গ্রাম থেকে শহর, সর্বত্র পুলিশ ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব চলছে বলেও দাবি করেন তিনি।
সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার অস্তিত্ব আজ বিপন্ন হতে চলেছে। শিক্ষা, সংস্কৃতি ভূলুণ্ঠিত। রাজ্য সরকার আজ ঔদ্ধত্য ও অহংকারের শীর্ষে পৌঁছেছে। যখনই দেখতে পাচ্ছে কেউ তাদের পক্ষে নেই, সংবাদমাধ্যমের অফিসে গিয়ে পর্যন্ত গেরুয়া রং করা হচ্ছে। এদিকে, সরকারি অনুষ্ঠানে এখন গেরুয়া কার্পেটের ওপর দিয়ে হাঁটা হচ্ছে! সংবাদমাধ্যমের স্বাধীনতা যেখানে নেই, সেখানে সাধারণ মানুষের অধিকার থাকবে কী করে!”
রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখলেই অনেককে চরম পরিণতির হুমকি দেওয়া হচ্ছে। মমতার দাবি, কোনও মামলা না থাকা সত্ত্বেও বহু নির্দোষ মানুষকে বেআইনিভাবে ভুয়ো মামলায় ফাঁসিয়ে আটক করা হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, “পুলিশ এখন এমন ভাব করছে যেন তারা ভাজা মাছটি উল্টে খেতে জানে না!” তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ফের তীব্র চাপানউতোর তৈরি হয়েছে।




















