দিল্লী – নয়াদিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্সে শনিবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এই শব্দবন্ধ ব্যবহার করার পর যাঁদের তিনি ‘দিমাগি নকশাল’ বলতে চেয়েছিলেন, তাঁরা প্রকাশ্যে বেরিয়ে এসেছেন। একই সঙ্গে তাঁদের যারা প্রশ্রয় দিচ্ছেন, তাঁদেরও গোটা দেশ চিনে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লা থেকে তিনি ‘হোমিওপ্যাথির ডোজ’-এর মতো ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। তাঁর কথায়, হোমিওপ্যাথি চিকিৎসার শুরুতে রোগের কিছুটা বাড়াবাড়ি দেখা দিতে পারে। একইভাবে এই ‘হোমিওপ্যাথির বড়ি’ দেওয়ার পর ‘দিমাগি নকশালরা’ প্রকাশ্যে আসতে শুরু করেছেন বলে দাবি করেন মোদি।
শনিবারের বক্তব্যে নাম না করে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারকেও নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, ইউপিএ আমলে একাধিক সঙ্কটের সময় তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত কুঁকড়ে গিয়েছিল। বিশেষ করে ২০০৮ সালের মুম্বই হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
মোদির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধের মাধ্যমে প্রধানমন্ত্রী ঠিক কোন শ্রেণির মানুষকে বোঝাতে চেয়েছেন এবং তাঁদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ কাদের বিরুদ্ধে, তা নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।




















