বঙ্গোপসাগরে জোড়া মৌসুমি সিস্টেমের প্রভাব! উইকেন্ডে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষণের দাপট

বঙ্গোপসাগরে জোড়া মৌসুমি সিস্টেমের প্রভাব! উইকেন্ডে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গেও বাড়বে বর্ষণের দাপট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ওপর সক্রিয় জোড়া মৌসুমি ব্যবস্থার প্রভাবে চলতি উইকেন্ডে উত্তরবঙ্গ এবং সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দুই বঙ্গেই বৃষ্টির তেজ বজায় থাকার পাশাপাশি জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গ ও অসমের উপর দিয়ে অবস্থান করছে। এই জোড়া মৌসুমি ব্যবস্থার প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্পের প্রবেশ এবং বৃষ্টির তেজ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমলেও বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। জলীয় বাষ্পের কারণে ওই দিন আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।

সোমবার থেকে ফের বাড়বে বর্ষণের মাত্রা। মঙ্গলবার বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং ভারী বৃষ্টির সতর্কতা না থাকায় ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top