আমেরিকা – আমেরিকার মিয়ামিতে অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমাজনের হয়ে পরিচালিত একটি Boeing 767-300 কার্গো বিমান রানওয়ে পেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও পাঁচ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে মিয়ামির উদ্দেশে রওনা হয়েছিল। অবতরণের সময় কোনওভাবে বিমানটি রানওয়ে ছাড়িয়ে এগিয়ে যায়। এরপর সংঘর্ষের জেরে বিমানে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন উদ্ধারকারী ও দমকলকর্মীরা।
রানওয়ের বাইরে থাকা একাধিক গাড়িতেও বিমানটি ধাক্কা মারে বলে জানা গিয়েছে। সংঘর্ষের পর সেই গাড়িগুলিতেও আগুন ধরে যায়। ঘটনায় বিমানবন্দর চত্বরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলিতে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। পাশাপাশি দমকলের একাধিক গাড়িকে দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়। দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে।



















