রাজ্য – সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বাংলার উন্নয়ন ও শহরাঞ্চলে বেআইনি কাজের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিয়ে মুখ খুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে নিয়মবহির্ভূত কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। ভবিষ্যতে দুর্নীতি এবং সমস্ত ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, মহিলা নির্যাতনের পাশাপাশি সাধারণ নাগরিকদের উপর অত্যাচার, জমি বা বাড়ি দখলের মতো অভিযোগও অতীতে সামনে এসেছে। কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কারণে, আবার কেউ নিজের অধিকার দাবি করার কারণে হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, বেআইনি কাজ যে কোনও ধরনেরই হোক, তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।
বেআইনি নির্মাণ প্রসঙ্গে অগ্নিমিত্রার অভিযোগ, আগের সরকারের আমলে নিয়মবহির্ভূত নির্মাণকে কার্যত একটি ‘সিস্টেম’-এর মাধ্যমে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। বরানগর, বালি ও হাওড়ার মতো এলাকায় অনুমোদিত নকশার তুলনায় অতিরিক্ত তলা নির্মাণের অভিযোগ তুলে তিনি বলেন, চারতলা নির্মাণের অনুমতি নিয়ে পরে আটতলা পর্যন্ত বাড়ি তৈরির মতো অনিয়ম চলত বলে অভিযোগ উঠেছে। তাঁর দাবি, এই ধরনের ব্যবস্থায় প্রয়োজনীয় কাঠামোগত নিরাপত্তাও অনেক সময় নিশ্চিত করা হত না।
বরানগরের ২৭টি বেআইনি ভবন নিয়ে সরাসরি সম্প্রচারের প্রসঙ্গও তুলে ধরেন মন্ত্রী। তাঁর দাবি, নির্মাণকারীদের একাংশ এই ধরনের অনিয়মকে ‘সিস্টেম’-এর অংশ বলেই মনে করতেন। তবে বর্তমান সরকার এই ধরনের দুর্নীতি বা বেআইনি নির্মাণ কোনওভাবেই মেনে নেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। শহরের উন্নয়নের পাশাপাশি নিয়ম মেনে নির্মাণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।




















