বিনোদন – ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় তথা শেষ ছবি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে তুমুল কৌতূহল। ‘দৃশ্যম ২’-এ অজয় দেবগণের বিজয় সালগাঁওকরকে চাপে ফেলেছিলেন আইজি তরুণ আহলাওয়াতের চরিত্রে অক্ষয় খান্না। তাঁর অভিনয়ও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
তবে নতুন ছবিতে সেই চরিত্রের পরিবর্তে ক্রাইম ব্রাঞ্চের এসপি রাজবীর সিং তোমারের ভূমিকায় দেখা যাচ্ছে জয়দীপ অহলাওয়াতকে। নতুন চরিত্রের আগমনের পর থেকেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি অক্ষয় খান্নার জায়গায় জয়দীপকে আনা হয়েছে? ট্রেলার প্রকাশের পর সেই জল্পনা আরও জোরালো হয়।
গত ৯ সেপ্টেম্বর গোয়ায় আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই প্রশ্নেরই সরাসরি উত্তর দেন জয়দীপ। তিনি স্পষ্ট করে জানান, অক্ষয় খান্নার কোনও ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে ছবিতে তাঁর আগমন হয়নি। তাঁর দাবি, পরিচালক অভিষেক পাঠক যখন তাঁকে চিত্রনাট্য শোনান, তখনও বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়নি যে তাঁকে অক্ষয়ের চরিত্রের জায়গা পূরণ করতে হবে।
জয়দীপের কথায়, একটি চরিত্রের যাত্রা শেষ হওয়ার পর গল্পে অন্য একটি চরিত্র নিজের আলাদা সফর নিয়ে প্রবেশ করেছে। রাজবীর সিং তোমারকে পরিচালক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি, সম্পর্ক এবং নিজস্ব উদ্দেশ্য দিয়ে তৈরি করেছেন বলেও জানান তিনি। ফলে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এ অক্ষয় ও জয়দীপের চরিত্রকে ঘিরে তুলনা না করে নতুন চরিত্রের গল্প কীভাবে এগোয়, সেটাই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।




















