জেলাগুলিতে ইসকনের মিড-ডে মিল আপাতত বাতিল! পুরনো পদ্ধতিতেই স্কুলে রান্না-পরিবেশন, কলকাতায় পরিষেবা নিয়ে বিবৃতি ইসকনের

জেলাগুলিতে ইসকনের মিড-ডে মিল আপাতত বাতিল! পুরনো পদ্ধতিতেই স্কুলে রান্না-পরিবেশন, কলকাতায় পরিষেবা নিয়ে বিবৃতি ইসকনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইসকন তথা ‘অন্নমৃতা ফাউন্ডেশন’-এর মাধ্যমে সরকারি স্কুলে মিড-ডে মিল সরবরাহের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, সোমবার আপাতত তা বাতিল করা হয়েছে। নতুন সরকার গঠনের পর কলকাতার পাশাপাশি ধাপে ধাপে হাওড়া, পুরুলিয়া-সহ বিভিন্ন জেলায় স্কুলের খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসে পুরনো ব্যবস্থাতেই স্কুলে খাবার প্রস্তুত ও পরিবেশন করার কথা জানানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী উত্তর ২৪ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট-নিউ টাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ ও নন্দীগ্রাম-২ ব্লকে অন্নমৃতা ফাউন্ডেশনের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার কথা ছিল। সোমবার আচমকা সিদ্ধান্ত বদলের পর প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়। সেই আবহেই নিজেদের অবস্থান স্পষ্ট করে একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে ইসকন।

বিবৃতিতে ইসকন জানিয়েছে, তাদের পরিচালিত অন্নমৃতা ফাউন্ডেশন কলকাতায় ইতিমধ্যেই মিড-ডে মিল পরিষেবা চালিয়ে যাচ্ছে। গত ১ অগস্ট কলকাতায় প্রথম কেন্দ্রীয় রান্নাঘর চালু হওয়ার পর থেকে পুরসভা এলাকার সরকারি স্কুলগুলিতে সেখান থেকেই খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারের গুণমান, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং স্বাদ নিয়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি করেছে সংস্থাটি।

কলকাতার এই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামী দিনে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসকন। ভবিষ্যতে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে। তবে জেলাগুলিতে কবে থেকে এবং কোন পদ্ধতিতে অন্নমৃতা ফাউন্ডেশনের পরিষেবা চালু হবে, তা আপাতত স্পষ্ট নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top