কলকাতা: কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET) নেওয়া নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। কয়েক দিন আগে স্কুলশিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছিল, কর্মরত শিক্ষকদের জন্য কবে TET আয়োজন করা সম্ভব। পর্ষদ সূত্রের খবর, রাজ্য সরকারের সবুজ সংকেত মিললেই তিন মাসের মধ্যে পরীক্ষা আয়োজনের জন্য তারা প্রস্তুত।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কর্মরত শিক্ষকদের TET নিয়ে এই উদ্যোগ। গত বছর ১ সেপ্টেম্বর শীর্ষ আদালত জানিয়েছিল, TET-এ উত্তীর্ণ না হওয়া কর্মরত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষায় পাশ করতে হবে। পরে সেই সময়সীমা বাড়িয়ে ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত করা হয়। অবসরের পাঁচ বছর বা তার কম সময় বাকি থাকা প্রবীণ শিক্ষকদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।
এই নির্দেশ কার্যকর করার প্রস্তুতি হিসেবেই রাজ্যের স্কুলশিক্ষা দফতর পর্ষদ ও এসএসসির কাছে পরীক্ষার আয়োজন নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে। পর্ষদের তরফে দ্রুত পরীক্ষার দিনক্ষণ ও আয়োজনের বিষয়ে দফতরকে জানানো হবে বলে সূত্রের খবর। কর্মরত শিক্ষকদের মধ্যে কারা TET দিতে বাধ্য, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়েও নতুন করে তৎপরতা শুরু করেছে এসএসসি। সংশোধিত OBC সংরক্ষণ নীতির ভিত্তিতে শূন্যপদের তালিকা প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী OBC সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার পর নিয়োগ প্রক্রিয়াতেও তার প্রভাব পড়েছে।



















