কলকাতা: চলতি বছর শতবর্ষে পা দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। এই আবহে পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সঙ্ঘ। আরএসএস সূত্রের দাবি, বাংলায় নিজেদের শাখার সংখ্যা দ্বিগুণ করে ১০ হাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যেই এই শাখা বৃদ্ধির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
এই লক্ষ্য সামনে রেখে আগামী ১ থেকে ১০ অক্টোবর রাজ্যের সমস্ত জেলায় বিশেষ সাংগঠনিক অভিযান চালানোর কথা রয়েছে। জনসংযোগ বাড়ানোর পাশাপাশি নতুন সদস্য ও স্বয়ংসেবকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার উপরও গুরুত্ব দেওয়া হবে বলে সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে।
আরএসএসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার সময় বাংলায় সঙ্ঘের শাখার সংখ্যা ছিল ৫৮০। ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১,২৮০-তে। ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ শাখার সংখ্যা হয়েছিল ১,৪৯২। এরপর ধাপে ধাপে সংগঠনের বিস্তার আরও বাড়ে বলে দাবি আরএসএসের।
সঙ্ঘ সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে আরএসএসের শাখার সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছিল। এবার সেই সংখ্যাকেই এক ধাক্কায় দ্বিগুণ করে ১০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যে অক্টোবরের প্রথম দশ দিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।



















