নয়াদিল্লি: রাজ্যে হোসিয়ারি শিল্পের বার্ষিক টার্নওভার বাড়িয়ে প্রায় ১ লক্ষ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি পশ্চিমবঙ্গে টেক্সটাইল হাব গড়ে তোলার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শমীক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী, বর্তমানে বাংলায় হোসিয়ারি শিল্পের বার্ষিক টার্নওভার প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকার মধ্যে। সেই পরিমাণকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে প্রায় ১ লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যে টেক্সটাইল শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে।
শমীক বলেন, বাংলার হোসিয়ারি শিল্পের সঙ্গে যুক্ত বহু ব্যবসায়ী ও উদ্যোগপতি অতীতে রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন। তাঁদের একাংশ ফের বাংলায় ফিরে এসে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন বলেও দাবি করেন তিনি।
রাজ্যে টেক্সটাইল হাব গড়ে তোলার উদ্যোগ নিয়ে কেন্দ্রের সঙ্গেও আলোচনা চলছে বলে জানিয়েছেন শমীক। ফলে হোসিয়ারি ও বস্ত্রশিল্পকে কেন্দ্র করে বাংলায় বিনিয়োগ এবং শিল্প সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তাঁর বক্তব্য।



















