শতবর্ষে RSS-এর সাংগঠনিক পুনর্বিন্যাস! বাংলায় তিন প্রান্ত ভেঙে পাঁচ সম্ভাগ, শাখা বাড়িয়ে ১০ হাজারের লক্ষ্য

শতবর্ষে RSS-এর সাংগঠনিক পুনর্বিন্যাস! বাংলায় তিন প্রান্ত ভেঙে পাঁচ সম্ভাগ, শাখা বাড়িয়ে ১০ হাজারের লক্ষ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বর্ধমান: শতবর্ষে পা দেওয়া রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৮ অক্টোবর বর্ধমানে আসছেন সংঘের পরিচালক মোহন ভাগবত। তাঁর বঙ্গ সফরে সংগঠনের সাংগঠনিক পুনর্বিন্যাস-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সংগঠনের বিস্তারকে আরও তৃণমূল স্তরে পৌঁছে দেওয়াই এই পুনর্গঠনের অন্যতম লক্ষ্য বলে জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গের প্রান্তপ্রচার প্রমুখ বিপ্লব রায় জানিয়েছেন, এতদিনের ‘প্রান্ত’ কাঠামোর পরিবর্তে ‘সম্ভাগ’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সারা দেশে বর্তমানে থাকা ৪৪টি প্রান্তের পরিবর্তে প্রায় ১১০টি সম্ভাগ তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের সাংগঠনিক কাঠামোয়ও। বর্তমানে বাংলায় তিনটি প্রান্ত রয়েছে। নতুন ব্যবস্থায় উত্তরবঙ্গ, নবদ্বীপ, বর্ধমান, মেদিনীপুর ও কলকাতা—এই পাঁচটি সম্ভাগের মাধ্যমে সাংগঠনিক কাজ পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি শাখা বিস্তারেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিপ্লব রায়ের দাবি অনুযায়ী, চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গে প্রায় ৫ হাজার আরএসএস শাখা ছিল। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্যে সেই সংখ্যা দ্বিগুণ করে ১০ হাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই লক্ষ্য পূরণে ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি নেওয়া হবে। এর মাধ্যমে নতুন সদস্য ও স্বয়ংসেবকদের সংগঠনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মোহন ভাগবতের বর্ধমান সফরের আগে সংগঠনের এই সাংগঠনিক সম্প্রসারণ ঘিরে তাই তৎপরতা বাড়ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top