সেবাশ্রয় শিবির নিয়ে তদন্তে বড় পদক্ষেপ! সরকারি চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব ১৫ জনকে

সেবাশ্রয় শিবির নিয়ে তদন্তে বড় পদক্ষেপ! সরকারি চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু, মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তলব ১৫ জনকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা:

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে তদন্তে এবার সরকারি চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ শুরু করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১৫ জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তাঁদের মধ্যে কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, অনির্বাণ দলুই, মহম্মদ মিরাজউদ্দিন-সহ একাধিক চিকিৎসকের নাম রয়েছে।

মূলত সেবাশ্রয় শিবিরে সরকারি চিকিৎসকরা কীভাবে যুক্ত হয়েছিলেন এবং তাঁদের সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটি। অনুমতি নেওয়া হয়ে থাকলে কে বা কারা সেই অনুমতি দিয়েছিলেন, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই তদন্তের পরবর্তী পর্যায়ে আরও বহু সরকারি চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সেবাশ্রয় শিবিরে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল কি না, চিকিৎসক-পড়ুয়াদের কীভাবে শিবিরে যুক্ত করা হয়েছিল এবং সেখানে সরকারি চিকিৎসকদের ভূমিকা কী ছিল, তা-ও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। কমিটির চেয়ারম্যান সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সরকারি পরিকাঠামোর অপব্যবহার হয়েছে কি না, সেটিই তদন্ত করে দেখা হবে।

গত জুলাইয়ে সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে বিধানসভায় বিষয়টি উত্থাপন করেছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। এরপর বিধানসভায় এই প্রকল্প নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেবাশ্রয়কে ‘বড় মাপের কেলেঙ্কারি’ বলে অভিযোগ করেন এবং সরকারি হাসপাতালের চিকিৎসক ও যন্ত্রপাতি এই শিবিরে ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন। সেই অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্য ভবনের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top