বুদগাম
মঙ্গলবার গভীর রাতে মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। দুধপাথরি এলাকার জঙ্গলে চলা এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক কমান্ডার নিহত হয়েছে বলে জানা গিয়েছে। আধিকারিকদের দাবি, নিহত জঙ্গির নাম সুলেমান শাহ, ওরফে ‘মুসা’।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুদগামের কোরাগ-ইউসমার্গ এলাকার সাধারণ অঞ্চলে যৌথ তল্লাশি অভিযান শুরু করেছিল ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। তল্লাশি চালানোর সময় দুধপাথরির জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরে আসে সন্দেহজনক গতিবিধি।
এরপর সন্দেহভাজনদের আত্মসমর্পণের জন্য চ্যালেঞ্জ করা হলে জঙ্গিরা আচমকাই গুলি চালাতে শুরু করে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে দাবি। পালটা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলির লড়াই। বেশ কিছুক্ষণ ধরে চলা সেই সংঘর্ষেই এক জঙ্গি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
চিনার কর্পসের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়েছিল। অভিযানের সময় সতর্ক সেনারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জঙ্গিদের চ্যালেঞ্জ করেন। এরপরই জঙ্গিদের দিক থেকে গুলি চালানো হলে নিরাপত্তা বাহিনী পালটা জবাব দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে।
নিহত জঙ্গির পরিচয় নিয়ে প্রাথমিকভাবে সেনার তরফে বিস্তারিত কিছু জানানো না হলেও নিরাপত্তা আধিকারিকদের দাবি, মৃত ব্যক্তি লস্কর-ই-তইবার কমান্ডার সুলেমান শাহ ওরফে ‘মুসা’। তাঁর পরিচয় এবং সংগঠনের সঙ্গে তাঁর ভূমিকা নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
অভিযানের পর দুধপাথরি এবং সংলগ্ন জঙ্গল এলাকায় তল্লাশি আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অন্য কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে যৌথ বাহিনী। পাশাপাশি সংঘর্ষের পর উদ্ধার হওয়া সামগ্রীও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে এক লস্কর কমান্ডারের মৃত্যুর পর কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আপাতত দুধপাথরির জঙ্গল এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে।




















