কলকাতা
রাজ্যজুড়ে মেঘ-বৃষ্টির দাপট আপাতত অনেকটাই কমেছে। ভারী বৃষ্টির পর এবার আবহাওয়ায় বাড়তে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোথাও বড়সড় বৃষ্টি বা মুষলধারে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। ফলে আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা মিলবে না, এমন পরিস্থিতিই তৈরি হতে পারে আগামী কয়েকদিন।
হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বিহার এবং তার সংলগ্ন উত্তরপ্রদেশ ও অসম সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলে ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ডে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে পশ্চিমবঙ্গ থেকে এখনই বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের অনুমান, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের দিকে বাংলায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
কলকাতাতেও আপাতত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শহরের আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ কিছুটা বাড়তে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
রবিবার থেকে কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও আরও কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকে রাত পর্যন্ত ভ্যাপসা গরমের অস্বস্তি থাকবে। অর্থাৎ, বৃষ্টির দাপট কমলেও স্বস্তি ফিরছে না—বরং আপাতত শহরবাসীর সঙ্গী হতে চলেছে ঘাম আর আর্দ্রতাজনিত অস্বস্তি।




















