গান্ধীনগর
গুজরাতের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল, ২০২৬-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অনুমোদনের পর গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের সাংবিধানিক প্রক্রিয়া আরও একধাপ এগোল। রাষ্ট্রপতি ভবনের সরকারি তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর বিলটিতে সম্মতি দেওয়া হয়েছে এবং ১ অক্টোবর গুজরাত সরকারের গেজেটে বিষয়টি প্রকাশিত হয়।
গুজরাত বিধানসভায় চলতি বছরের ২৪ মার্চ UCC বিলটি পাস হয়েছিল। রাষ্ট্রপতির অনুমোদনের ফলে এবার সেটি আইনে পরিণত হয়েছে। তবে এখনই নতুন বিধি কার্যকর হচ্ছে না। আইনটির আওতায় প্রয়োজনীয় নিয়ম তৈরি করে রাজ্য সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করবে।
এই আইনের আওতায় বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি এবং লিভ-ইন সম্পর্কের মতো ব্যক্তিগত বিষয়গুলিকে একটি অভিন্ন আইনি কাঠামোর মধ্যে আনার বিধান রয়েছে। অর্থাৎ, এই বিষয়গুলির ক্ষেত্রে ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে গুজরাতে একটি নির্দিষ্ট আইনি কাঠামো প্রযোজ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।
লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও নতুন বিধান রাখা হয়েছে। এই ধরনের সম্পর্কের জন্য নির্দিষ্ট ঘোষণা ও রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে। পাশাপাশি এমন সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানদের আইনি স্বীকৃতির বিষয়েও বিধান রয়েছে। বিবাহের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পাশাপাশি বহুবিবাহ ও দ্বিবিবাহ নিষিদ্ধ করার ব্যবস্থাও আইনে রাখা হয়েছে।
তবে গুজরাতের UCC-এর আওতা থেকে তফসিলি উপজাতি (ST) জনগোষ্ঠীকে বাদ রাখা হয়েছে। সংবিধানের Part XXI-এর অধীনে যাঁদের প্রথাগত অধিকার সুরক্ষিত, তাঁদের ক্ষেত্রেও নির্দিষ্ট ব্যতিক্রম রয়েছে।
রাষ্ট্রপতির সম্মতির পর উত্তরাখণ্ডের পর গুজরাত দ্বিতীয় রাজ্য হিসেবে নিজস্ব অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে এগোল। এখন নজর রয়েছে রাজ্য সরকারের তৈরি করা নিয়ম ও কার্যকর হওয়ার বিজ্ঞপ্তির দিকে।




















