গোয়া
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ার দোনা পাওলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন ৭৫ বছরের অভিনেতা। বাড়িতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা CPR চালান। কিন্তু কোনওভাবেই তাঁর হৃদ্স্পন্দন ফেরানো সম্ভব হয়নি। মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকর এই তথ্য জানিয়েছেন।
নানা পাটেকরকে দোনা পাওলার বাড়ি থেকে মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হয়েছে। মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তও করা হচ্ছে।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। প্রায় পাঁচ দশকের অভিনয় জীবনে হিন্দি ও মারাঠি সিনেমায় একের পর এক মনে রাখার মতো চরিত্র উপহার দিয়েছেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘নটসম্রাট’-এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ‘ওয়েলকাম’-এর উদয় শেট্টি চরিত্রেও নতুন প্রজন্মের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও কাজ করেছেন নানা পাটেকর। ভারতীয় সিনেমায় তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া।




















