দেশ —
উৎসবের মরসুমে সাধারণ মানুষের সংসারের বাজেটে ফের চাপ বাড়তে চলেছে। দেশজুড়ে আমূলের প্যাকেটজাত দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)। দুধের ধরন অনুযায়ী প্রতি লিটারে ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, নতুন দাম ১২ নভেম্বর থেকে সারা দেশে কার্যকর হবে।
আমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব ধরনের তাজা প্যাকেটজাত দুধের দাম গড়ে প্রায় ৪ থেকে ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। ফলে আগামী দিন থেকে আমূলের দুধ কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে।
কেন বাড়ল দুধের দাম?
আমূল কর্তৃপক্ষের দাবি, গত এক বছরে দুধ উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, প্যাকেজিং এবং পরিবহণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে প্যাকেজিং ফিল্মের দাম এবং পরিবহণে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সংস্থার খরচ বাড়িয়েছে।
পাশাপাশি পশুখাদ্যের দামও বেড়েছে বলে জানিয়েছে সংস্থা। সবুজ ও শুকনো গো-খাদ্য, ভুট্টা এবং গুড়ের মতো পশুখাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দুধ উৎপাদনের খরচে।
আমূলের বক্তব্য, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ক্রমবর্ধমান খরচের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে নতুন দাম কার্যকর হওয়ার পর সাধারণ ক্রেতাদের দৈনন্দিন বাজার খরচে কতটা প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।



















