কলকাতা —
আগাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কলকাতা পুরসভা নির্বাচনের উপর হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
কেন আটকে কলকাতা পুরসভা নির্বাচন?
গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানায়, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত প্রক্রিয়ার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। সিপিএম নেত্রী দীপু দাসের দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছিল আদালত।
হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত কলকাতা পুরসভা নির্বাচনের প্রক্রিয়া থমকে গিয়েছে। কবে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও মামলা
এদিকে, কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত পৃথক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।
ফলে কলকাতা ও হাওড়া—দুই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং নির্বাচন প্রক্রিয়া ঘিরে আইনি পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনের শুনানির পর কলকাতা পুরসভা ভোটের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলতে পারে।




















