পশ্চিমবঙ্গ —
রাজ্যের স্কুল শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনার পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে শিক্ষকদের বদলির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব এবার সরাসরি নিজেদের হাতে রাখতে চাইছে শিক্ষা দপ্তর। গ্রাম ও শহরের স্কুলগুলিতে শিক্ষক এবং পড়ুয়ার সংখ্যার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর কয়েক মাস আগে নতুন করে শিক্ষকদের জন্য খুলে দেওয়া হয়েছে উৎসশ্রী পোর্টাল। তবে এবার সেই পোর্টাল এবং শিক্ষকদের বদলি সংক্রান্ত পুরনো নিয়মে একাধিক পরিবর্তন আনার পরিকল্পনা চলছে বলে সূত্রের খবর।
বদলির নিয়মে কী কী পরিবর্তন হতে পারে?
জানা গিয়েছে, ২০১২, ২০১৫ ও ২০১৮ সালের বদলি বিধির পাশাপাশি উৎসশ্রী পোর্টালের নিয়মেও আমূল পরিবর্তন আনা হতে পারে। নতুন নীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ‘সারপ্লাস টিচার’ বা অতিরিক্ত শিক্ষক থাকা স্কুলগুলির তথ্যের উপর। একই সঙ্গে যে স্কুলগুলিতে মাত্র একজন শিক্ষক রয়েছেন, সেগুলির পরিস্থিতিও খতিয়ে দেখা হবে।
এতদিন বদলির আবেদনের ক্ষেত্রে শিক্ষকদের নিজেদের পছন্দমতো তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ আর নাও থাকতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, শিক্ষকদের পছন্দের পাশাপাশি স্কুলগুলির প্রকৃত শিক্ষক চাহিদা এবং পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য
নতুন বদলি নীতিতে লক-ইন পিরিয়ড বা নির্দিষ্ট সময় পর্যন্ত একই স্কুলে কাজ করার বাধ্যতামূলক সময়সীমা কতটা রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার আইনি পরামর্শ নিচ্ছে বলে খবর। সমস্ত দিক খতিয়ে দেখার পরই নতুন নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের মধ্যেই নতুন শিক্ষক বদলি নীতি ঘোষণা করতে পারে রাজ্য সরকার। তবে প্রস্তাবিত পরিবর্তনগুলির বিষয়ে এখনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় ঠিক কী কী পরিবর্তন আসবে, সেদিকেই নজর রয়েছে শিক্ষক মহলের।




















