পশ্চিমবঙ্গ —
এতদিন কোথায় ছিলেন, তা নিয়ে কোনও খবর ছিল না। কিন্তু রবিবার সন্ধ্যায় হঠাৎই সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে এবার রাজনৈতিক কোনও মন্তব্য বা দলীয় কর্মসূচি নয়, একেবারে ব্যক্তিগত জীবনের খবর ভাগ করে নিলেন তিনি। ফেসবুকে নিজের স্টেটাস আপডেট করে জানালেন, জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সম্পন্ন হয়েছে তাঁর বাগদান পর্ব।
ফেসবুকে দেবাংশুর প্রোফাইলে এখন জ্বলজ্বল করছে ‘এনগেজড’ স্টেটাস। তবে হবু স্ত্রীর নাম কিংবা ছবি—কোনও কিছুই প্রকাশ্যে আনেননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, কে সেই তরুণী, যাঁর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তৃণমূলের এই নেতা?
কে দেবাংশুর হবু স্ত্রী?
সূত্রের খবর অনুযায়ী, দেবাংশু যাঁকে বিয়ে করতে চলেছেন, তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। তবে বর্তমানে পেশাগত কারণে দুবাইয়ে থাকেন তিনি। জানা যাচ্ছে, একটি বেসরকারি বিমান সংস্থায় কর্মরত ওই তরুণী। তবে তিনি বিমানসেবিকা, নাকি বিমানচালিকা, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।
এদিকে দেবাংশুর ‘এনগেজড’ স্টেটাস ঘিরে তৃণমূলের অন্দরেও তৈরি হয়েছিল কিছুটা বিভ্রান্তি। অনেকেই প্রথমে ভেবেছিলেন, খড়দহের এক ছাত্রনেত্রীর সঙ্গে হয়তো বাগদান সেরেছেন তিনি। রবিবার সন্ধ্যার পর ওই তরুণীর কাছেও একের পর এক ফোন যেতে শুরু করে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেবাংশুর সঙ্গে তাঁর বাগদানের কোনও ঘটনা ঘটেনি।
‘খেলা হবে’ স্লোগান থেকে নির্বাচনী লড়াই
রাজ্য রাজনীতিতে দেবাংশু ভট্টাচার্য পরিচিত তৃণমূলের সক্রিয় নেতা এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ‘খেলা হবে’ স্লোগান এবং সেই সংক্রান্ত গানকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পরবর্তীতে বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় রাজনীতিতেও জনপ্রিয়তা পায় এই স্লোগান।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবাংশু। তবে সেই নির্বাচনে জয় পাননি তিনি। চলতি বছরের বিধানসভা নির্বাচনেও চুঁচুড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেখানেও পরাজয়ের মুখ দেখতে হয় তাঁকে।
রাজনৈতিক জীবনে একাধিক ওঠাপড়ার মধ্যেই এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন দেবাংশু। যদিও হবু স্ত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি তিনি, তবুও তাঁর বাগদানের খবর ঘিরে ইতিমধ্যেই কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহল থেকে অনুরাগীদের মধ্যে।




















