পশ্চিমবঙ্গ —
প্লাস্টিকের বোতল জমা দিলেই পাওয়া যাবে কাপড়ের ব্যাগ। এমনকী প্লাস্টিক বর্জ্য জমা করে চিকেন ফ্রাই বা পিৎজার মতো খাবারও পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। প্লাস্টিক দূষণ কমাতে এমনই অভিনব উদ্যোগের পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি (SUDA)-র মাধ্যমে রাজ্যজুড়ে বিশেষ ধরনের ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্লাস্টিক দিলেই মিলবে খাবার ও কাপড়ের ব্যাগ
রবিবার ছটপুজোর ঘাট হিসেবে পরিচিত আসানসোলের ছিন্নমস্তা ঘাটের সংস্কার, পরিবেশ রক্ষা এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা জানান পুরমন্ত্রী। সেই প্রসঙ্গেই রাজ্যজুড়ে বিশেষ ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, এই মেশিনে প্লাস্টিকের বোতল জমা দিলে অথবা টাকা দিলে কাপড়ের ব্যাগ পাওয়া যাবে। পাশাপাশি শিশুদের প্লাস্টিক বর্জ্য সংগ্রহে উৎসাহিত করতে প্লাস্টিক জমা দেওয়ার বিনিময়ে চিকেন ফ্রাই বা পিৎজার মতো খাবার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
পুরনো পোশাক রিসাইকেল করে তৈরি হবে নতুন সামগ্রী
শুধু প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনাই নয়, পুরনো পোশাক পুনর্ব্যবহারের দিকেও নজর দিচ্ছে নগরোন্নয়ন দফতর। পুরনো পোশাক রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরির জন্য দু’টি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা যাবে, অন্যদিকে পুরনো পোশাকেরও নতুন ব্যবহার তৈরি হবে। তবে রাজ্যের কোথায় কোথায় এই ভেন্ডিং মেশিন বসানো হবে এবং কবে থেকে পরিষেবা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।




















