কলকাতা —
দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায় যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল। বিজেপির তরফে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে এলাকায় একটি ব্যানার ও কাটআউট লাগানো হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ওই ব্যানারে থাকা বিধায়িকার ছবিতে স্কেচ পেন দিয়ে গোঁফ এঁকে দেয় এবং দাঁত কালো করে দেয়।
পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের নজরে বিষয়টি আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
‘রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়’
ছবি বিকৃতির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করা ‘দিমাগি নকশালরা’ই আমার ছবিকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।”
তাঁর আরও দাবি, “যাদবপুরের লক্ষাধিক মানুষ আমায় ভোট দিয়েছেন। আমার ছবি বিকৃত করে সেই জনাদেশকেও অপমান করা হয়েছে।”
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, সেই বাড়ির মালিক বর্তমানে বাইরে বেড়াতে গিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি ফিরে এলেই ফুটেজ পরীক্ষা করা সম্ভব হবে বলে সূত্রের খবর।
কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের পরেই বিষয়টি পরিষ্কার হবে।




















