বুকস্টলে বোমাবাজির প্রতিবাদে অভিনব কর্মসূচি, এবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বইয়ের পসরা সাজাবে ডিএসও

বুকস্টলে বোমাবাজির প্রতিবাদে অভিনব কর্মসূচি, এবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বইয়ের পসরা সাজাবে ডিএসও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

যেখানেই বামপন্থীদের বুকস্টল, সেখানেই বাধা দেওয়ার অভিযোগ। পুজোর সময় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা সামনে এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদল অথবা তাদের বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে। গত সপ্তাহে বইপাড়া কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনাও প্রত্যক্ষ করেছেন শহরবাসী। অভিযোগ, রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের বুকস্টল লক্ষ্য করে ইট-পাটকেলের পাশাপাশি ছোড়া হয়েছিল চকোলেট বোমাও।

বই ও জ্ঞানচর্চার উপর এই ধরনের হামলার প্রতিবাদে এবার অভিনব কর্মসূচি নিল বামমনস্ক গণতান্ত্রিক ছাত্র সংগঠন এআইডিএসও। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধু নির্দিষ্ট জায়গায় নয়, এবার সরাসরি ক্লাসরুমে বসানো হবে বুকস্টল। দিনভর চলবে বই বিক্রি।

২৬ নভেম্বর ক্লাসরুমে বুকস্টল

‘বুক স্টলে বোমার বিরুদ্ধে তোমার নিঃশব্দ প্রতিরোধ হোক একটা বই’—এই বার্তাকে সামনে রেখে আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বইয়ের সম্ভার নিয়ে হাজির হবে ডিএসও। সংগঠনের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনীক দে জানিয়েছেন, বই, শিক্ষা এবং জ্ঞানচর্চার উপর নেমে আসা গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হতে পারে একটি বই।

অনীক দে-র কথায়, “বই, শিক্ষা, জ্ঞানচর্চার উপর নেমে আসা গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে তোমার নিঃশব্দ প্রতিরোধ হোক একটা বই। ২৬ নভেম্বর ক্যাম্পাসে এসো, বই কেনো, সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলো।”

হাজার প্রতিকূলতার মধ্যেও জ্ঞানচর্চার পরিবেশ বজায় রাখার বার্তা দিতেই ক্লাসরুমে বুকস্টল বসানোর এই উদ্যোগ। বইয়ের উপর হামলার প্রতিবাদে বইকেই হাতিয়ার করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছতে চাইছে ডিএসও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top