পশ্চিমবঙ্গ —
রোগীদের স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস নয়। সরকারি হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংক্রমণের ঝুঁকি কমাতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের ইন্ডোর পেশেন্ট ডিপার্টমেন্ট (IPD) এবং আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্টে (OPD) হকার, বিক্রেতা ও দোকানদারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য লিখিত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতেই হবে। নির্দেশিকা জারির পর মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। হকারদের প্রবেশের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
সংক্রমণ ও ক্রস কন্টামিনেশনের আশঙ্কা
স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপের পিছনে অন্যতম কারণ সংক্রমণের ঝুঁকি। অনেক সময় ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিরাও চিকিৎসার জন্য হাসপাতালের আউটডোরে আসেন। সেই পরিস্থিতিতে হকার ও বিক্রেতাদের অবাধ যাতায়াতের ফলে ক্রস কন্টামিনেশনের আশঙ্কা তৈরি হতে পারে। তাই রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিয়েও উঠেছিল অভিযোগ
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসএসকেএম হাসপাতালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেখানে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অন্যান্য প্রশাসনিক দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সেই বৈঠকে রোগীর পরিবারের একাংশ হাসপাতাল চত্বর থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ জানিয়েছিলেন।
তাঁদের অভিযোগ ছিল, অনেকেই রোগীর পরিবারের সদস্যের পরিচয় দিয়ে আউটডোরের লাইনে ঘোরাফেরা করেন। চিকিৎসা করাতে এসে রোগীর আত্মীয়দের একাংশকে নানা ধরনের হয়রানির মুখেও পড়তে হয়। এই ধরনের অভিযোগ সামনে আসার পরই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর।
পরিচ্ছন্নতা, সংক্রমণ প্রতিরোধ এবং রোগীদের নিরাপত্তা—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েই সরকারি হাসপাতালগুলিতে হকার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




















