‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, বৈঠকের পর একাধিক সিদ্ধান্তে স্বস্তি SVF-এর

‘সাধক বামাক্ষ্যাপা’ বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, বৈঠকের পর একাধিক সিদ্ধান্তে স্বস্তি SVF-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা —

‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রদর্শন ঘিরে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর উঠে এল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলা ছবির প্রদর্শন ও প্রেক্ষাগৃহে শো বণ্টন নিয়ে রাজ্য সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা সংস্থা SVF। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

SVF-এর মুখপাত্রের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “আজকের বৈঠকের পর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বাংলা সিনেমা নতুন জীবন পেল।”

দীর্ঘদিন ধরেই প্রেক্ষাগৃহে বাংলা ছবির শো কম পাওয়া এবং প্রাইম টাইমে পর্যাপ্ত জায়গা না মেলার অভিযোগ তুলছিলেন টলিউডের একাংশ। অন্য ভাষার ছবির তুলনায় বাংলা সিনেমাকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ছিল। সেই পরিস্থিতি বদলাতে এবার উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে বাংলা ছবির প্রদর্শন এবং সিনেমা হলগুলিতে শো বণ্টনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ছবিটির প্রদর্শন যাতে বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দ্বিতীয় সপ্তাহেও যাতে ছবিটি প্রেক্ষাগৃহে চলতে পারে, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। হলমালিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’-কে প্রয়োজনীয় শো দেওয়ার ক্ষেত্রে কোনওভাবেই বঞ্চিত করা যাবে না। সূত্রের দাবি, অবিলম্বে ছবিটির শো পুনরায় চালুর বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, বাংলা ছবির প্রদর্শন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ মেটাতে রাজ্য সরকারের এই উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে টলিউডের একাংশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top